রাস্তা প্রশস্ত করতে নিজেদের জমি ছেড়ে দেওয়ায় বিমানবন্দর সড়ক সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১/এ প্লটের শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন নামের দুই সহোদরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল সোমবার মেয়র তাদের বাসভবনে গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
ডিএনসিসি সূত্র জানায়, তাদের বাসভবন সংলগ্ন রাস্তা সরু হয়ে যাওয়ায় যানজট লেগেই থাকত। এ সমস্যা সমাধানে তাদের প্লট থেকে ১০ ফুট প্রশস্ত ও ৪৮ ফুট দৈর্ঘ্যের অতি উচ্চমূল্যের জায়গাটি জনস্বার্থে ছেড়ে দিতে সম্মতি জানান তারা। এর ফলে রাস্তাটির মূল প্রবেশপথ ৩০ ফুট প্রশস্ত করতে আর কোনো প্রতিবন্ধকতা থাকল না। এতে নগরবাসীও উপকৃত হবেন।
এ সময় মেয়র আনিসুল হক বলেন, নগরীর উন্নয়নে সহায়তা করতে উদার মনের মানুষেরা যেখানে নিজের মালিকানাধীন জমি দান করছেন, সেখানে কোনো জায়গা জবরদখল করে রাখা কারও পক্ষে সম্ভব হবে না। এ সময় তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউ সংলগ্ন সরকারবাড়ির পারিবারিক কবরস্থান স্থানান্তরের মাধ্যমে জনস্বার্থে সেই জমিদানের কথাও উল্লেখ করেন। এ সময় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, নারী কাউন্সিলর শাহনাজ পারভীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতুল্লাহ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।