লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করা হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আনিসুল হককে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান পারিবারিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানান। খবর বিডিনিউজ ও বাংলা ট্রিবিউনের। তিনি বলেন, মেয়র এখন শ্বাস নিতে পারছেন।

তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য রিহ্যাবে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক ব্যায়াম করানো হবে। এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে। তিনি জানান, ডাক্তাররা জানিয়েছেন- মেয়র এখন শঙ্কামুক্ত আছেন।

মেয়ের সন্তান হওয়াকে সামনে রেখে ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ আগস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।