প্রবাসে গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রটিকে রাজধানীর গুলশান থেকে অন্য কোথাও স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গামকা (জিসিসি অ্যাপরুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন) সিটি করপোরেশনের রাস্তাটাই দখল করে ফেলেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার মেয়র আনিসুল হক পদস্থ কর্মকর্তাদের নিয়ে গুলশান ২ নম্বরের ৯৪ নম্বর সড়কের ৪/এ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত গামকার অফিস এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান, সেখানে শতশত শ্রমিক রাস্তায় অবস্থান করছেন। ওই পথ দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। শ্রমিকরা কেউ ফুটপাত, কেউ রাস্তায় বসে অপেক্ষা করছেন। তাদের মধ্যে কিছু নারী শ্রমিকও ছিলেন। এ অবস্থা দেখার পর মেয়র তার কার্যালয়ে ফিরে সাংবাদিকদের জানান, গামকা ডিএনসিসির রাস্তাটিও দখল করে ফেলেছে। এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক আসেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এটি একটি আবাসিক এলাকা। আবাসিক এলাকায় এ ধরনের অফিস থাকতে পারে না।
জানা গেছে, গামকার সামনে শতশত শ্রমিক জড়ো হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বলে বেশ কিছুদিন ধরেই এলাকাবাসী মেয়রের কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষাপটে গতকাল মেয়র সরেজমিন ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রি. জে. সাঈদ আনোয়ার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ প্রমুখ তার সঙ্গে যান।
Published in: সমকাল, ২৬ সেপ্টেম্বর ১৬

