মেয়র পদে বিজয়ী হলে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকার মসজিদের ইমামদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আনিসুল হক বলেন, ‘আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আজ যেভাবে এসেছি আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি বিজয়ী হলে আপনাদের জন্য কাজ করবো। আমাদের দুর্নাম আছে অনেকে নির্বাচিত হলে আর আসে না। কিন্তু আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে পাবেন। আমি কথা দিচ্ছি, আমার ২৫ বছরের সুনাম নষ্ট করবো না। আপনারা আমাকে ৫ বছর কাজ করার সুযোগ দিন।’

পরে আনিসুল কড়াইল বস্তি এলাকার এরশাদ স্কুল মাঠে এক নির্বাচনী সভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে সমর্থন দিয়েছেন। তিনি সমর্থন দিলেই পাস করা যাবে না, আপনাদের ভোটের দরকার আছে। আমি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন না করে কড়াইল বস্তির মানুষকে উচ্ছেদ করা হবে না।’

তিনি বলেন, ‘কড়াইল বস্তিসহ অনেক বস্তির সমস্যা রয়েছে। বস্তিবাসীদের পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের।’

আনিসুল বলেন, ‘আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আপনারা জানেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, আমার কোনো দুর্নাম নেই। আমাকে আপনারা বিশ্বাস করুন। এটা হচ্ছে স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হয় না।’

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এমপি, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মফিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী খালেদা আক্তার বিউটি প্রমুখ।

বৃহস্পতিবার আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান, ডিসিসি মার্কেট, বনানী বাজার, তেজগাঁও বিজিপ্রেস এলাকা ও মিরপুরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।