ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে জিতলে প্রত্যাশা পূরণ করবো আর হারলে বিজয়ীকে বরণ করে নেব।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। আমার বৃদ্ধ বাবা, পরিবারের সদস্য, ভোটার, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, বিজিএমইএ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতকর্মীসহ সবার কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনে তারা আমার পক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন।’
মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি যদি মেয়র নির্বাচিত হই, অল্প অল্প করে যে সুনাম অর্জন করেছি সেই সুনাম ধরে রাখবো। আমি অনেক স্বপ্ন দেখেছি। সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো।’

