ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, আনিসুল হকের মৃত্যু অপ্রত্যাশিত। হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাবেন, এটা কল্পনাও করতে পারিনি।
শুক্রবার বিকেলে মেয়র সাঈদ খোকনের বনানীর বাসভবনে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আনিসুল হকের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রতিদিন সকালে তারা কুশল বিনিময় করতেন। নগরীর সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তার উদ্যোগ নিতেন। একে অপরের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হতেন।
সাঈদ খোকন বলেন, দু’জনে মিলেই দুই-আড়াই বছরে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন তারা। অনেক ইতিবাচক পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটবে এটা তার কল্পনারও বাইরে ছিল। তিনি অত্যন্ত ব্যথিত।
আনিসুল হকের শূন্যতা সহজে পূরণ হবে না বলেই চোখের পানি ধরে রাখতে পারেননি সাঈদ খোকন। বলেন, আনিসুল হক বলিষ্ঠ ও সাহসী মানুষ ছিলেন। তার মতো মানুষ প্রতিদিন জন্মাবে না। তার পরও আশা করি, যারা দায়িত্বে থাকবেন, তারা এ শূন্যতা পূরণ করার চেষ্টা করবেন। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের জন্য সহযোগিতা থাকবে।
তিনি বলেন, তার যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দেবেন। তার ছোট ভাই হিসেবে তার হয়ে ক্ষমা চাইছি আমি। সাড়ে তিন মাস অসুস্থ থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান আনিসুল হক।

