মেয়র আনিসুল হকের অবদান স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার মতো মানুষ একজনই। আরেকজন আনিসুল হক খুঁজে পাওয়া যাবে না।

শনিবার দুপুরে আনিসুল হকের বনানীর বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরকে গ্রিন অ্যান্ড ক্লিন করা আনিসুল হকের স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন বৃথা যেতে দেব না। তবে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এ রকম পরিশ্রমী মানুষ আমি কমই দেখেছি।

 

 

আনিসুল হকের পৈত্রিক বাড়ি ও ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। সে কথা স্মরণ করেন সেতুমন্ত্রী বলেন, আমরা একই এলাকার বাসিন্দা। মেয়র হওয়ার পর এলাকাবাসী তাকে একটি সংবর্ধনা দিয়েছিল। সেই সংবর্ধনায় লাখ লাখ লোক হয়েছিল। এখনও সেই সংবর্ধনার ব্যানার-পোস্টার স্মৃতি হয়ে আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।