ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান দেখিয়ে দক্ষিণের (ডিএসসিসি) প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে রোববার অর্ধদিবস ছুটি পালিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি জানান, সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে অর্ধদিবস ছুটি পালন করা হয়েছে। মেয়র সাঈদ খোকন এ ছুটি ঘোষণা করেন।

উল্লেখ, গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে পরিবার নিয়ে যুক্তরাজ্য যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা।

এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটলে গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। গত সোমবার অবস্থার অবনতি হলে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।

View Source PDF