গৌতম পাণ্ডে ॥ টিভি অনুষ্ঠান উপস্থাপনায় অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিলেন আনিসুল হক। একটির সঙ্গে অন্যটির মিল তেমন ছিল না। প্রতিটি অনুষ্ঠান ছিল বৈচিত্র্যময়। তিনি নিজেই মানসম্পন্ন নানান আইটেম দিয়ে মালা গাঁথতেন সে সবের বেশিরভাগ। টিভিতে উপস্থাপনা শুরু করেন ১৯৭৯ সাল থেকে। তার ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে জনপ্রিয় ছিল ‘অন্তরালে’, ‘এখনই’ ও ‘বলা না বলা’। এরপর আর কোন সিরিজ প্রোগ্রাম করেননি। তবে মাঝে-মধ্যে ছোট ছোট বিশেষ অনুষ্ঠান করতেন। সে সবের বেশিরভাগেরই ডিজাইন তিনি নিজে করতেন। অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি ছিল ‘জলসা’। বিটিভির বেশ কয়েকটি ঈদের ‘আনন্দমেলা’ও তিনি করেছিলেন। তিনি একসময় একুশে টিভিতে ‘ঈদের ঢোল’ নামে একটি অনুষ্ঠান করেছিলেন। এনটিভি ও এফবিসিসিআই আয়োজিত বাজেট-পূর্ববর্তী ভাবনা নিয়ে দেশের প্রথম টেলিভিশন অনুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি। আর তার সবচেয়ে সাড়াজাগানো অনুষ্ঠানটি ছিল ‘সবিনয়ে জানতে চাই’। পাশাপাশি তিনি ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ নামে একটি প্লাটফর্ম গড়ে তুলেছিলেন। এখান থেকে শিল্পী লাকী আখন্দ, আলাউদ্দিন আলী, শাম্মী আখতারসহ অনেককে এককালীন আর্থিক সহায়তা দিয়েছেন। আর বিভিন্ন দুস্থ বা রোগগ্রস্ত শিল্পীকে যার যেমন প্রয়োজন অনুযায়ী কাউকে মাসিক টাকা দিয়ে যাচ্ছিলেন, কাউকে দিয়ে যাচ্ছিলেন চিকিৎসার খরচ। আনিসুল হক চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে মহান এক মানুষ হয়ে। তাকে মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী তার ফেসবুক পেজে লিখেছেন, তুমি মরনি ভাই। আমরা প্রাণহীন হয়ে রইলাম। বেহেশতে আল্লাহ তোমাকে স্থান দান করুন। জাদুশিল্পী জুয়েল আইচ লিখেছেন, আনিস এভাবে তুমি চলে গেলে! আমি নিতে পারছি না বন্ধু। নাট্যকার-নির্মাতা ফেরদৌস হাসান লিখেছেন, আমার ধারণা মানুষ মরলেই শুধু মানুষ হয়। তাই কারও মৃত্যু সংবাদে আমি খুব বিচলিত হই না। কিন্তু আজ চোখ দুটোকে মানাতে পারছি না। ওরা কাঁদছে। ঝরঝর করে। একটু শব্দ করে কাঁদতে পারলে ভাল হতো। বুক টনটন করছে! আল্লাহ শক্তি দাও! ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু লিখেছেন, শুধু হারিয়ে ফেলছি একে একে। আপন বলতে যারা ছিলেন আমাদের চারপাশে ছায়া হয়ে এমন ভীষণ শ্রদ্ধার আরও একজন আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন। আমিন। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, আপনাকে বড্ড বেশি প্রয়োজন ছিল আমাদের সবার! ভাবতে পারছি না…! অভিনেতা অপূর্ব লিখেছেন, খুব কষ্ট হচ্ছে… খুব… মানতে পারছি না…একদম না…।
Published in: The Daily Janakantha on December 1st, 2017

