গাছ ও টব বিতরণ অনুষ্ঠানে মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তার সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিবরণ দিয়ে বলেছেন, ‘প্রতি তিন মাসে ঢাকা বদলে যাচ্ছে। রাস্তাজুড়ে ৬৩টি স্থান, যেখানে প্রতিদিন দুই থেকে চার টন করে বর্জ্য স্তুপাকারে রাখা হতো, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের ফলে তা আজ অনেক বেশি পরিচ্ছন্ন।’ ঢাকাকে আরও সুন্দর করতে সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

রাজধানীর ফার্মগেইটে অবস্থিত ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের গিয়াসউদ্দিন মিলকী মিলনায়তনে সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ঢাকাবাসীর মধ্যে গাছ ও টব বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মেয়র।

আনিসুল হক বলেন, ‘আমাদের স্বভাব হলো দখল করা। শহরের অভিজাত এলাকার ফুটপাত, যা ২২ বছর পর্যন্ত অবৈধ দখলে ছিল, তা দখলমুক্ত করা হয়েছে। ছয় ফুটের ফুটপাত এখন ১৪ ফুট পর্যন্ত চওড়া হয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা আর দোকানের বাইরে এক ইঞ্চি জায়গাতেও মালামাল রাখছেন না। তবে এ অবস্থা ধরে রাখতে মানুষের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’

‘সবুজ ঢাকা’ কার্যক্রমের উপদেষ্টা প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তারিক হাসান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান এবং এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ।

অনুষ্ঠানে জানান হয়, ‘ঢাকা বাঁচুক সবুজে, আমরা বাঁচবো ঢাকাতে’- এ স্লোগানকে সামনে রেখে আড়াই কোটি গাছের এক সবুজ মহানগরী গড়ার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে গত প্রায় ২ বছর ধরে ‘সবুজ ঢাকা’ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৪০টি স্কুল, ১০৮টি মসজিদ ও ৫০০টি বাড়ির ছাদে বাগান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএনসিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বর্তমান কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১৯ হাজার টবসহ গাছ বিতরণ করা হবে।

View Source PDF