ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আসুন আমরা ঢাকাকে পরিষ্কার করি। ঢাকাকে সবুজ করি। আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকাকে আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য পরিষ্কার (ক্লিন) করব। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ছাদে বাগান শীর্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা ঢাকাকে আবার সবুজ করি। সব বাড়িতেই খালি জায়গা আছে। আমাদের এসব জায়গা কাজে লাগাতে হবে।

মেয়র আনিসুল হক বলেন, ঢাকা শহর বসবাসের অযোগ্য নয়। বসবাসের অযোগ্য হলে এত মানুষ ঢাকায় আসত না। ঢাকা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। অন্য শহরের তুলনায় ঢাকা অনেক নিরাপদ শহর। ঢাকাকে আরও নিরাপদ করার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন, আমাদের ৫৭টি ফুট ওভার ব্রিজ আছে। পরীক্ষামূলকভাবে আমরা শাহীন স্কুলের সামনের ফুট ওভার ব্রিজটি ফুলের গাছ দিয়ে সাজিয়েছি। আমরা বাকিগুলোও গ্রিন (সবুজ) করব। সবুজ ঢাকা কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইকো বাস চালুর কথা বলেন। তিনি বলেন ‘আগামী এক-দুই মাসের মধ্যে আমরা ইকো-বাস চালু করব। এই বাস ঢাকা শহরের বাড়িতে বাড়িতে সার ও গাছ সরবরাহ করবে।’
মেয়রের বক্তব্য শেষ করার পর একজন প্রশিক্ষণার্থী ঢাকার রাস্তা থেকে চলাচল অযোগ্য গাড়িগুলো কবে সরানো হবে জানতে চান। প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘এটি সরাসরি আমার এখতিয়ারে নেই। আমরা বাস মালিক সমিতির সঙ্গে কথা বলে চেষ্টা করছি সমস্যাটি সমাধানের জন্য।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লা।

View Source PDF