স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কাজের সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান মেলা-২০১৬’। ‘আমাদেরও আছে কাজ করার অধিকার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে দুই দিনের এই মেলা শেষ হবে কাল। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলায় চাকরি প্রার্থী প্রতিবন্ধীরা তাদের জীবনবৃত্তান্ত বিভিন্ন প্রতিষ্ঠানে জমা দেওয়ার পাশাপাশি নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জিনিষপত্রও সংগ্রহ করতে পারবেন। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) ও জবসবিডি’র যৌথভাবে আয়োজিত ওই মেলার সার্বিক সহায়তায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয় বরং উপযুক্ত পরিবেশ এবং কাজের সুযোগ পেলে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। প্রতিবন্ধকতাকে নয়, বরং প্রতিবন্ধীদের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে আগত প্রতিবন্ধী যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে কোটি কোটি বেকার আছে, তারা কিন্তু স্বপ্ন দেখে না, কাজের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা তাদের কর্মক্ষমতা ব্যবহার করছে না। কিন্তু তোমরা স্বপ্ন দেখ, প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে চাও। সমাজ একটা পরিবার, এখানে কারো সমস্যা থাকতেই পারে তবে এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবেই। দেড় হাজার প্রতিবন্ধীর কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, আমি ১ থেকে দেড় হাজার প্রতিবন্ধীকে চাকরি দেওয়ার দায়িত্ব নেব। প্রতিবন্ধীদের কাজের যোগ্যতা ভিত্তিক একটি তালিকা প্রণয়ণের আহ্বান জানিয়ে আয়োজকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের একজনকে এই দায়িত্বে থাকতে হবে। কে কোন ক্ষেত্রে পারদর্শী, কাকে কোন কাজে লাগানো যায় তা নির্ধারণ করে দিলে সে অনুযায়ী নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হবে। বিপিকেএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার বলেন, পৃথিবীর ১০০ কোটি প্রতিবন্ধী মানুষকে বাদ দিয়ে ৬০০ কোটি মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাদের পেছনে রেখে এগিয়ে যাওয়া অসম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও ইমরাত বিধি কার্যকর হয় নি। এছাড়াও প্রতীবন্ধীদের যাতায়তে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা নেই, এমনকি তারা ফুটপাথ ধরেও হাঁটতে পারে না। দেশে প্রায় ২ কোটি ৪০ লক্ষ প্রতিবন্ধী রয়েছে জানিয়েছে আয়োজকরা বলেন, মেলার সার্বিক এ আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদনশীল কর্মকান্ডে নিয়োজিত করার ক্ষেত্রে এই মেলা যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জবসবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেলার আহ্বায়ক কে এম হাসান রিপন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মার্সিয়া এইচ রিউক্স, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।
Published in: The Daily Janakantha on April 23rd, 2016

