ঢাকা সেনানিবাসের মধ্যে ‘পদাতিক সরণী’ নামে নতুন একটি সড়কের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়র নির্ধারিত অংশের সড়ক উদ্বোধন করেন।
পদাতিক সরণী উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (পশ্চিম) সার্বিক তত্ত্বাবধানে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে নির্মাণ করা হয়। নির্দিষ্ট সময়ের ২ মাস আগেই সড়কের কাজটি শেষ হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সামরিক ও অসামরিক ব্যক্তিদের যাতায়াত ব্যবস্থা উন্নত, সহজতর ও নিরাপদ হবে।
জানা গেছে, এক বছর মেয়াদকালে সম্পন্ন করার উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে গত বছরের ১৭ মে সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ১৫ মিটার চওড়া ৪ লেনের এ রাস্তাটি ৯৫০ মিটার দীর্ঘ এবং এতে ১২৩৪ মিটার দীর্ঘ টাইলস পেভমেন্টের ফুটপাতসহ ড্রেন এবং ১১৬৯ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর জেসিও এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

