সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও খতিবদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে খতিবগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহবান জানান।
এ সময় মেয়র আনিসুল হক বলেন, ‘জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে ব্র্যান্ডিং হয়ে গেলে বাংলাদেশের সব উন্নয়ন হারিয়ে যাবে। এজন্য ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সন্ত্রাস পছন্দ করেন না। ইমাম ও খতিবরা সমাজের সঙ্গে জড়িয়ে আছেন। এজন্য তাদের মাধ্যমে মানুষের কাছে দ্রুত বার্তা পৌঁছানো সম্ভব।’
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘মহানবী (স.) মানুষের জন্য ধর্মের বাণী নিয়ে এসেছেন, জমিনের (স্থান) জন্য আনেননি। কিন্তু এখন কিছু গোষ্ঠী মানুষের বদলে জমিনের জন্য ধর্ম নির্ধারণ করতে চায়। জামায়াত-মওদুদী গোষ্ঠী ওলামাদের ঘুমিয়ে রেখে অনেক কিছু করেছে। ধর্মীয় শিক্ষায় অনেক ত্রুটি আছে, সেসব দূর করার সময় এসেছে।’
সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও শতাধিক ইমাম-খতিব অংশ নেন।
Published in: The Bangla Tribune on March 9th, 2016

